রবিবার | ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩
Screenshot

আওয়ামী লীগকে অর্থায়ন ও পোশাক শিল্পে অস্থিরতায় ফান্ডিং: গণপূর্তের রাজিবুলের ভয়ংকর রূপ

বিশেষ প্রতিনিধি

রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টে নিজেকে ‘বিএনপি পরিবারের সন্তান’ দাবি করলেও, ভেতরে ভেতরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুনর্বাসন এবং দেশে অস্থিতিশীলতা তৈরির গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন ঢাকা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাজিবুল ইসলাম। অভিযোগ উঠেছে, তিনি নিজের দুর্নীতির কালো টাকা ব্যবহার করে সাভার-আশুলিয়ার পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষে ইন্ধন জোগাচ্ছেন এবং নিয়মিত আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন।

অনুসন্ধানে জানা যায়, রাজিবুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই সুবাদে বিগত সরকারের আমলে তিনি অধিদপ্তরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ২০২৪ সালের ডামি নির্বাচনে আব্দুল জলিলের ছেলে ও আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের অন্যতম অর্থদাতা ছিলেন এই রাজিবুল।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও ব্যারিস্টার জনের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলনে এখনো গোপনে অর্থায়ন করছেন। সম্প্রতি সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে অস্থিরতা দেখা দেয়, তার পেছনেও রয়েছে রাজিবুলের কালো টাকা। গোয়েন্দা ও সংশ্লিষ্ট সূত্রমতে, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমারের মাধ্যমে তিনি সাভার-আশুলিয়ার শ্রমিক লীগ নেতাদের কাছে বিপুল পরিমাণ অর্থ পৌঁছে দিয়েছেন, যার মূল লক্ষ্য ছিল বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা। এখনো তিনি নিয়মিত যুবলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাদের সাথে গোপন যোগাযোগ রক্ষা করে চলছেন।

বিগত সরকারের আমলে রাজিবুল নিজেকে আব্দুল জলিলের ভাতিজা হিসেবে পরিচয় দিয়ে দাপট দেখাতেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের ডামি সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা প্রচার করে তিনি গণপূর্তের লোভনীয় সব পোস্টিং বাগিয়ে নেন। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেলে নিজের অবৈধ আয়ের উৎস ও দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখতে তিনি নিজেকে ‘বিএনপি পরিবারের সদস্য’ হিসেবে প্রচার করতে শুরু করেন।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে রাজিবুল মূলত দুর্নীতির এক বিশাল পাহাড় গড়ে তুলেছেন। সদ্য সমাপ্ত অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩৮টি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের সিকিভাগও সম্পন্ন হয়নি, অথচ ঠিকাদারী প্রতিষ্ঠানকে পুরো বিল পরিশোধ করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তিনি।

এর আগে মহাখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও শেরে বাংলা নগর গণপূর্ত বিভাগ-৩ এ উপ-বিভাগীয় প্রকৌশলী থাকাকালীন ঠিকাদারের সাথে যোগসাজশ করে ভুয়া বিলের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন তৈরির ডিপিপি থেকে কোটি কোটি টাকা পকেটে পোরেন। নগর গণপূর্ত বিভাগে অতিরিক্ত দায়িত্ব পালনকালে ঠিকাদারদের কাছ থেকে ২০ শতাংশ হারে কমিশন আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে, বাধ্য হয়ে কর্তৃপক্ষ একসময় তার বিল প্রদানের ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করেছিল। বর্তমানেও পছন্দের ঠিকাদারদের কাজ দিতে তিনি টেন্ডারের এসএলটিতে অদ্ভুত ও কঠিন সব শর্ত জুড়ে দিচ্ছেন, ফলে সাধারণ ঠিকাদাররা কাজ পাচ্ছেন না।

দুর্নীতির পাশাপাশি রাজিবুল অধিদপ্তরের ভেতরের একচ্ছত্র সিন্ডিকেটের মূল হোতা। সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুর প্রভাব খাটিয়ে তিনি ঢাকার অধিকাংশ নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ২৫ লাখ টাকা করে চাঁদা আদায় করেছিলেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি ছিলেন অধিদপ্তরের আলোচিত দুর্নীতিবাজ সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং তার ঘুষের টাকা সংগ্রহের প্রধান ক্যাশিয়ার। এছাড়া ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়া প্রকৌশলী নূসরত হোসেনের সঙ্গেও তার গভীর সখ্যতা ছিল। সম্প্রতি গণপূর্তে লটারির মাধ্যমে পোস্টিংয়ের স্বচ্ছতার কথা বলা হলেও, এক শীর্ষ নেতার তদবিরে তিনি মহাখালীর থেকে তার পছন্দের কর্মস্থল ঢাকা গণপূর্ত বিভাগ ১ এর মতো গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন বাগিয়ে নেন।

মুখে নীতি-আদর্শের কথা বলে রাজনৈতিক লেবাস ব্যবহার করে রাজিবুল ইসলাম নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। তার এই লাগামহীন দুর্নীতির টাকার একটি বড় অংশ এখন ব্যয় হচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করার কাজে। সংশ্লিষ্টদের দাবি, অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গণপূর্ত অধিদপ্তরের উচিত এই কর্মকর্তার অবৈধ আয় ও ব্যয়ের হিসাব তলব করে তাকে বরখাস্ত করা। অন্যথায় রাষ্ট্রের টাকায় পুষ্ট এই কর্মকর্তা বর্তমান সরকার ও প্রশাসনের জন্য সামনে আরও বড় ধরনের বিপদ ডেকে আনতে পারেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD