দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের জীবননগর সাবজোনের দেহাটী ও ধোপাখালী আখচাষ কেন্দ্র সংশ্লিষ্ট চাষীদের নিয়ে পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রাব্বিক হাসান, এফসিএমএ।
শুক্রবার সকালে আখের জমিতে চাসীদের সাথে সরাসরি আখের ফলন সম্পর্কে অবগত হন। এসময় তিনি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন আখক্ষেত ঘুরে দেখেন এবং আখচাষিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। চাষিদের সঙ্গে আলোচনায় তিনি আখের গুণগত মান, ফলন বৃদ্ধির কৌশল এবং সময়মতো চাষাবাদ ও পরিবহন প্রক্রিয়া নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালকের সফরসঙ্গী হিসেবে মিলের ডিজিএম (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি চাষিদের সঙ্গে প্রযুক্তিনির্ভর আখচাষ পদ্ধতি এবং কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চাষিরা এই সফরে সন্তোষ প্রকাশ করেন এবং কেরু মিল কর্তৃপক্ষের আগ্রহ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, কেরু মিল কর্তৃপক্ষের সহযোগিতায় আগামী দিনে আখচাষ আরও লাভজনক হবে।









