রবিবার | ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩

গণপূর্তে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র: হুন্ডিতে ভারতে অর্থ পাচার ও দেশে অস্থিরতার গোপন মিশনে প্রকৌশলী মাহবুব

সরকারি চেয়ারে বসে তিনি নিচ্ছেন রাষ্ট্রের বেতন, অথচ গোপনে ছক কষছেন রাষ্ট্রযন্ত্রকে অচল করার! দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন শত কোটি টাকার এক অবৈধ সাম্রাজ্য। শুধু তাই নয়, বিগত সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো নেতাদের কাছে হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার এবং দেশে কৃত্রিম অস্থিরতা সৃষ্টির অন্যতম প্রধান অর্থদাতা হিসেবে এখন সামনে এসেছে গণপূর্ত অধিদপ্তরের (PWD) এক কর্মকর্তার নাম। তিনি অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবুল হক চৌধুরী।

ফেনীর সন্তান হওয়ার সুবাদে বিগত সরকারের আমলে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও গডফাদার আলাউদ্দীন নাসিম চৌধুরীর মাধ্যমে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন এই মাহবুব। অভিযোগ উঠেছে, সেই পুরনো সখ্যের সূত্র ধরেই বর্তমানে ভারতে অবস্থানরত ওবায়দুল কাদেরসহ পলাতক নেতাদের কাছে হুন্ডির মাধ্যমে নিয়মিত কালো টাকা পাঠাচ্ছেন তিনি। গণপূর্তের টেন্ডার ও ঘুষ বাণিজ্য থেকে লুট করা এই অর্থ এখন হুন্ডির কালো পথে সরাসরি চলে যাচ্ছে দেশের সীমানা পেরিয়ে।

লুটপাটের এই অর্থে শুধু পলাতকদের পকেটই ভারী হচ্ছে না, বরং দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির এক গভীর ষড়যন্ত্রে জ্বালানি জোগাচ্ছেন তিনি। আলাউদ্দিন নাসিম চৌধুরীর মাধ্যমে দেশে চলমান বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে তৈরি হওয়া শ্রমিক আন্দোলনেও তিনি বিপুল অঙ্কের অর্থায়ন করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চেয়ারে বসে তিনি মূলত পরিণত হয়েছেন তথ্য পাচারকারীতে। অধিদপ্তরের গোপনীয় ও স্পর্শকাতর তথ্য তার মাধ্যমেই নিয়মিত পৌঁছে যাচ্ছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের হাতে। এমনকি গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি (IEB) নির্বাচনকে বিতর্কিত করতে এবং গোপন তথ্য ফাঁসের নেপথ্যেও এই প্রকৌশলী সরাসরি কলকাঠি নেড়েছেন বলে প্রমাণ মিলেছে।

রাজনৈতিক এই ছত্রছায়ায় ই/এম সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালে টেন্ডার ও ক্রয়প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি। ঘনিষ্ঠ ঠিকাদারদের মাধ্যমে সরকারি অর্থ লুটে গড়ে তুলেছেন চোখধাঁধানো সব সম্পদ। রাজধানীর মোহাম্মদপুরের ১/১৪ ইকবাল রোডে তার রয়েছে প্রায় ৩৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট। পশ্চিম আগারগাঁওয়ের ৬০ ফুট রাস্তার মাথায় নিজস্ব চারতলা ভবন এবং বনশ্রী আমুলিয়া হাউজিং এলাকায় নামে-বেনামে একাধিক জমির মালিক তিনি। সরকারি চাকরিজীবনের আয়ের সঙ্গে এই শত কোটি টাকার সম্পদের বিন্দুমাত্র মিল নেই। এছাড়া একটি নির্দিষ্ট প্রকল্পেই ১৭ কোটি ৮ লাখ ৮৩ হাজার ১৪৪ টাকার বিলে বড় ধরনের জালিয়াতি করেছেন তিনি। ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে যন্ত্রপাতি সরবরাহ, কাজের মান নিয়ন্ত্রণ ও বিল পরিশোধের নামে লোপাট করেছেন বিপুল অঙ্কের সরকারি অর্থ।

তবে অধিদপ্তরের অভ্যন্তরে তার এই অপকর্ম নিয়ে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছে। গণপূর্ত অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র, তথ্য পাচার ও অর্থপাচারের অভিযোগ অত্যন্ত ভয়ংকর। এর প্রমাণ পাওয়া গেলে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সরকারি কোনো কর্মকর্তার আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যতা এবং অর্থ পাচারের মতো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়। এই অভিযোগটিও হাতে পাওয়ামাত্রই প্রাথমিক যাচাই শেষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই চাঞ্চল্যকর ও রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী মাহবুবুল হক চৌধুরীর ব্যক্তিগত নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD