চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পাচারের সময় দেড় কেজি হেরোইনসহ ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবালের বাড়ি রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর মহল্লায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবালের কাছ থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ১০০ গ্রাম ওজনের ১৫টি প্যাকেটে মোট দেড় কেজি হেরোইন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, একজন অচেনা ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে তার হাতে হেরোইনের চালান তুলে দেন। এরপর সেটি রাজশাহীতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে আরেকজন এসে চালানটি গ্রহণ করার কথা থাকলেও তাকেও তিনি চিনতেন না। পুরো যোগাযোগ হচ্ছিল হোয়াটঅ্যাপের মাধ্যমে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক
মেহেদী হাসান বলেন, ‘কাট-আউট’ পদ্ধতিতে মাদক পাচারের একটি কৌশল। এ পদ্ধতিতে বাহক, সরবরাহকারী ও গ্রহণকারী একে অপরকে চেনেন না। ফলে কোনো একজন ধরা পড়লেও মূল হোতা বা নেটওয়ার্ককে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ইকবালকে গ্রেপ্তারের পর রাত ২টা পর্যন্ত অভিযান ও অনুসন্ধান চালিয়েও চালান গ্রহণের জন্য অপেক্ষমাণ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তিনি মূলত অর্থের বিনিময়ে হেরোইন বহনের দায়িত্ব নিয়েছিলেন। এ ঘটনায় রাত আড়াইটার দিকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মামলাটির তদন্ত তারাই করবে। তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে এই চালানের সঙ্গে জড়িত মূল হোতা ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এমই









