ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চোর সন্দেহে আটক এক যুবক পুলিশের হেফাজতে মারা গেছেন। নিহত যুবকের নাম আব্দুল্লাহ (২৭)। তিনি বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পরিবারের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আব্দুল্লাহকে অবৈধভাবে ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই শাকিল মিয়া বাদী হয়ে ছলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহিম উদ্দিনসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসআই মহিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন বাড়াইল গ্রামের তবি মিয়া (৩৪), আল আমিন (৩২) এবং বাহেরচরের আয়নাল হক (৩০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর বাড়াইল গ্রামের মুদিদোকানি তবি মিয়ার আলমারি থেকে ৫ লাখ ৩৭ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা আব্দুল্লাহকে আটক করে বেধড়ক মারধর করেন এবং পরে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।
পরিবারের দাবি, পুলিশ ক্যাম্পে এসআই মহিম উদ্দিন ও তাঁর সহযোগীরা গোপনে আব্দুল্লাহকে আটকে রেখে নির্যাতন করেন। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।









