ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের আয়োজনে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচি’র ২০তম সেশনের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কোর্ট রোডস্থ আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এ ক্লাসে ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষকগণ উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র জামাল হোসেন পান্নার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হবে। ২০০১ সাল থেকে আমরা আত্মকর্মসংস্থান ও যুব উন্নয়নে কাজ করছি। তরুণরা যদি আত্মবিশ্বাসী ও কর্মমুখী হয়, তবে তারা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।”
উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষক আলমগীর হোসেন ও রুমা আক্তার প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী জেমিন আক্তার, সার্বজনীন গ্রুপের আইটি সেক্টর প্রধান এস এ রুবেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ বিষয়ে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা বলেন, “ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না, প্রতিটি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে এবং ব্যাচ শেষে কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এর আগে ১৯ তম ব্যাচে ৪২ জন তরুণ/তরুণী প্রশিক্ষনে অংশ নিয়ে সনদ ও সম্মানী ভাতা গ্রহন করেছেন।









