শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

আখতারের ওপর হামলা

নিউইয়র্কে আওয়ামী লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন মামলাটি করেছেন।

এনসিপির এই নেতা আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ভিডিও বার্তায় আখতার বলেন, ‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে, সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।’

ওই মামলায় আখতার দুজনের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। এ ঘটনার পর বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে মিজানুরকে আটক করা হয়। পরে তিনি ছাড়াও পান।

আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা সেখানে বিক্ষোভ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিক্ষোভ করেন।

রাস্তার দুই পাশে পরস্পরবিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD