বরিশালের উজিরপুরে ভাতিজিকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় দেন।
আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার ইজাহার সূত্রে জানা যায়,মাদ্রাসার নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে তার চাচা আলমগীর সিকদার বিভিন্ন সময়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন। এতে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আলমগীর চার মাসের অন্তঃসত্তা ওই শিক্ষার্থীকে আবারও ধর্ষণ করেন। পরে বিষয়টি ভুক্তভোগী তার মাকে জানায়। পরে তার বাবা উজিরপুর মডেল থানায় মামলা করেন।
ওই মামলায় উজিরপুর থানার পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আদালত দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন।









