বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে যে অপপ্রচার চলছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, “পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে।” তিনি অভিযোগ করেন, এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, “কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে দলের ভেতরে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি বিএনপিতে বিভেদ সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি অশুভ প্রচারণা।”

রিজভী জানান, বিএনপি এখনো কোনো প্রার্থীকে “সবুজ সংকেত” দেয়নি। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে জানাচ্ছি—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এখনো কোনো এলাকায় কোনো প্রার্থীকে চূড়ান্ত বা অঘোষিতভাবে মনোনয়ন দেয়নি। দলের নির্ধারিত গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্য, জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।”

তিনি আরও বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করে পার্লামেন্টারি বোর্ড, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে মিডিয়ায় প্রকাশিত ‘সবুজ সংকেত’ বা কথিত তালিকার কোনো ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং নেতা-কর্মীদের একযোগে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “তারেক রহমান বারবার বলে আসছেন—জনগণই বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস। জনগণের ভালোবাসায় থাকতে হবে, এবং জনগণকে ভালোবাসায় রাখতে হবে।”

তিনি আরও জানান, তারেক রহমান নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা ‘জনগণের মুক্তির সনদ’ তুলে ধরার পরামর্শ দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে রিজভী বলেন, “দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তিনিই প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।”

রিজভী সারাদেশের বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান—“ভিত্তিহীন ও মনগড়া কোনো সংবাদে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত থাকুন।”

এ সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য(দফর সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD