শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা সবসময় সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।

 

 

শুক্রবার (১২ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধন শেষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সকল সাংবাদিককেও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

 

 

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচার দ্বারা মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আহত ও নিহত হয়েছে। অনেকের পরিবার অনেক কষ্ট থেকেছে ১৭-১৮ বছর। এই সকল সাংবাদিককে আমি স্মরণ করছি। আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সঙ্গে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।

 

শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছেন। উনারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন তাহলে সারাদেশের মানুষ জানত না স্বৈরাচারের দ্বারা মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।

 

বিএনপির এই নেত্রী বলেন, ৫ আগস্টে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদটি সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন সেই সংবাদ পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

 

 

সাংবাদিক পেশাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র পেশা আখ্যায়িত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে পারেন আবার অনেক সাংবাদিক অনেক সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে। অনেক সময় এআই ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

 

 

এর আগে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

 

 

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ স্থানীয় অসংখ্য সাধারণ মানুষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD