বাংলাদেশ ক্রিকেটে নতুন নেতৃত্বের আলোচনা যখন সময় সময়ই সামনে আসে, তখন সেই আলোচনার কেন্দ্রেও উঠে আসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসার ইচ্ছা যে তার রয়েছে, সেটিও এবার খোলাখুলিভাবে জানালেন তিনি।
সম্প্রতি সামিরস্কেন পডকাস্টে অংশ নিয়ে তামিম ইকবাল জানিয়েছেন, সুযোগ এলে বিসিবি সভাপতি হওয়ার দায়িত্ব নিতে তিনি আগ্রহী। সাবেক এই ওপেনারের মতে, ক্রিকেট প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অভিজ্ঞতা নয়, বরং সঠিক উদ্দেশ্য এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আন্তরিকতা।
সামিরস্কেন পডকাস্টে তামিমকে সরাসরি প্রশ্ন করা হয় বিসিবি সভাপতি হতে চান কি না? জবাবে তিনি বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।”যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তামিম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি মনে করি (যোগ্যতা) আছে। অবশ্যই মনে করি।’
তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়ি জীবন শেষ করে সংগঠক হিসেবে কাজ করার সামর্থ্য তার রয়েছে। ক্রিকেট সার্কেলে অনেকের আইডিয়া ও অভিজ্ঞতা থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনটেনশন বা উদ্দেশ্য।’ তামিমের মতে, ‘দীর্ঘ ২০ বছর ধরে অভিজ্ঞদের ওপর ভরসা করা হয়েছে, কিন্তু বিসিবির অবস্থা তেমন উন্নত হয়নি। এবার ‘অনভিজ্ঞ’দের ওপর বিশ্বাস করে দেখা যেতে পারে।’
বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন তামিম ইকবাল। তিন ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ওয়ানডে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিলেন তামিম। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একটি ওয়ানডে ম্যাচ খেলেন, তবে নানা জটিলতার কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে দেখা যায়নি এই অভিজ্ঞ ব্যাটারকে।
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। ম্যাচ চলাকালেই হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই তিনি মাঠের ক্রিকেট থেকে দূরে রয়েছেন। তবে ক্রিকেট সংগঠক হিসেবে ক্লাব পর্যায়ে এখনো সক্রিয় ভূমিকা রাখতে দেখা যাচ্ছে তাকে।









