রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর অবস্থিত সরকারি খাদ্য গুদামের সামনের একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ এই মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাবিবুর রহমান নামের এক টোকাই সকালে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়াতে যান। সেখানে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ দেখে তিনি সেটি খোলেন এবং ভেতরে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তার চিৎকার ও ডাকে স্থানীয়রা ছুটে আসেন এবং পরবর্তীতে পুলিশকে খবর দেন।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও দুঃখের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যেখানে বহু মানুষ একটি সন্তানের জন্য আজীবন অপেক্ষা করেন, সেখানে এমন ফুটফুটে একটা শিশুকে এভাবে ফেলে যাওয়া অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এই ঘটনার পেছনের প্রকৃত রহস্য এবং অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখতে শুরু করেছে।









