লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সাজু মোল্লার ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম।
অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে এক লক্ষ মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ মাছ নদীতে থাকা অবস্থায় জাল থেকে নদীতে অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, প্রতিদিনই আমরা অভিযান করছি কিন্তু বারবার নিষেধ করার পরও কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ২২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত ১৫২টি অভিযান পরিচালিত হয়েছে এবং ৩৭টি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় ১০ জনকে জেল ও ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত এ ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সকল নদীতে অভবযান চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।









