বৃহস্পতিবার | ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

শিশুদের রোগ শনাক্তে এআইভিত্তিক সমাধান আনছে স্বাস্থ্য অধিদফতর

স্টাফ রিপোর্টার

দেশের শিশুস্বাস্থ্য সেবা আরও কার্যকর, তথ্যনির্ভর ও প্রযুক্তিভিত্তিক করতে স্বাস্থ্য অধিদফতর এবং সেভ দ্য চিলড্রেনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় সমন্বিত শিশুরোগ ব্যবস্থাপনা (আইএমসিআই) অ্যাপ আরও শক্তিশালী করার পাশাপাশি শিশুস্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিভিন্ন ডিজিটাল উদ্ভাবন পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সেভ দ্য চিলড্রেনের ‘শিশুদের জন্য’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এবং সেভ দ্য চিলড্রেন যৌথভাবে কাজ করবে। জাতীয় ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিশু স্বাস্থ্যসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ করাই এ উদ্যোগের লক্ষ্য।

সমঝোতা অনুযায়ী, একটি এআইভিত্তিক ডিজিজ সার্ভেইলেন্স ড্যাশবোর্ড এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের জন্য বহুভাষিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট তৈরি ও পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এসব প্রযুক্তি স্বাস্থ্যকর্মীদের দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ, রোগের প্রবণতা বিশ্লেষণ এবং স্বাস্থ্য ব্যবস্থাপকদের সময়োপযোগী পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।

এ ছাড়া নিরাপদ ও ব্যক্তিগত পরিচয়বিহীন স্বাস্থ্যতথ্য বিনিময়, ডিজিটাল টুলস উন্নয়ন, মাঠপর্যায়ে পরীক্ষামূলক বাস্তবায়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সফল উদ্যোগগুলো দেশব্যাপী সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

 

স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (এমআইএস) বিভাগের পরিচালক ডা. আবু আহম্মাদ আল মামুন বলেন, ‘আইএমসিআই অ্যাপটি দেশের সব এলাকায় বিস্তৃত করতে হবে। ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে শিশুদের সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসার বড় সম্ভাবনা রয়েছে। নতুন কোনো মডিউল যুক্ত হলে সেটি কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা বাড়ানোও জরুরি।’

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, শিশুদের সময়মতো মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তির কার্যকর ব্যবহার প্রয়োজন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে তথ্য সুরক্ষা ও শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে তা শিশুদের রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি জুন ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, উন্নয়ন সহযোগী সংস্থা, কারিগরি বিশেষজ্ঞ এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের উদ্ভাবিত ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস (আইএমসিআই) পদ্ধতির লক্ষ্য পাঁচ বছরের কম বয়সী শিশুদের অসুস্থতা, মৃত্যুহার ও দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা কমিয়ে আনা। বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় চালু হওয়া ডিজিটাল আইএমসিআই অ্যাপের মাধ্যমে তথ্যনির্ভর শিশুস্বাস্থ্যসেবা আরও কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD