ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রবিউল লাঠি দিয়ে মজিবুলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় মজিবুল। এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে রাখে এলাকাবাসী।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক রবিউলকে আটকে অভিযান চলছে।









