সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, *“আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
গতকাল (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদীভাঙন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “একটি সরকার একা দেশের জন্য কিছু করতে পারবে না। জনগণকে সরকারকে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি দেশ গড়া সম্ভব।”*
মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বহু পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, *“মব জাস্টিসের মূল কারণ মোবাইল ও সাইবার অপব্যবহার। এটিকে নিয়ন্ত্রণে আনতে তরুণ সমাজকে আইটি সেক্টরে দক্ষ হতে হবে।”* আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “এটা সরকারের ব্যর্থতা নয়, বরং নতুন চ্যালেঞ্জ। সাইবারক্রাইম নিয়ন্ত্রণে আনতে হবে।”
অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে শারমীন এস মুরশিদ বলেন, “শুধু প্রশাসনের পক্ষে এটি প্রতিরোধ করা সম্ভব নয়। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বালুখেকুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন—উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এডিসি আবু মোছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, ওসি শাহিনুর ইসলাম এবং নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।








