নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এভারগ্রীন নামে মাদক নিরাময় কেন্দ্রে মোহাম্মদ ফয়জল (৪৮) নামে এক মাদকাসক্ত বৃদ্ধের রহস্যজনক ভাবে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাতে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে পরিবারের দাবী নিহত ফয়জলকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফয়জল কাঁচপুরের পশ্চিম বেহাকৈর এলাকার ভাড়াটিয়া এবং মেঘনা উপজেলার নলচর গ্রামের মৃত মোঃ হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত ফয়জলকে গত মে মাসের ১২ তারিখে উপজেলার বৈদ্যেরবাজার ইউপির হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। মে মাসের ২৯ তারিখে ঈদুল আজহার পরের দিন মাদক নিরাময় কেন্দ্রে দেখতে গিয়েছিল তার পরিবারের লোকজন। এসময় একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তার মেয়ে নুরজাহান (২৮)।
নিহতের মেয়ে নুরজাহানের ভাষ্যমতে, ঈদের দুইদিন আগে মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে আমরা পরিবারের সবাই দেখতে চাইলে তারা আমার বাবাকে দেখতে দেয়নি এবং ইদের পরের দিন দেখতে পাই আমার বাবা সুস্থ অবস্থায় হাটাচলা করছিল। গতকাল বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে মিশু নামে এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনে খবর পাই আমার বাবা অসুস্থ হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমরা হাসপাতালে গিয়ে আমার বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। আমরা জানতে পারি অজ্ঞাতনামা লাশ হিসেবে আমার বাবাকে হাসপাতালের বেডে রেখে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক বৈদ্যেরবাজার এলাকার মৃত সগির ডাক্তারের ছেলে সজিব ও তার লোকজন পালিয়েগেছে। আমরা থানা পুলিশের মাধ্যমে আমার বাবার মৃত্যুর রহস্য উদঘাটন করতে চাই। আমার বাবার হত্যার বিচার দাবি করছি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। এঘটনায় থানায় মামলা দায়রের প্রস্তুতি চলছে।









