স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি আছে এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সরা ঈদের সময় ছুটিতে যাবেন না। শনিবার (২৩ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা (সার্কুলার) জারি করা হয়েছে। তিনি জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি, তাই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে থাকতে হবে।
তিনি আরও বলেন, টিকা নিলেই শতভাগ সুরক্ষা নিশ্চিত হয় না। কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়, বিশেষ করে ভাইরাস ছড়িয়ে পড়লে।
ঈদের সময় ভিড় ও ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আক্রান্ত শিশুদের বড় জমায়েত বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ করা হয়েছে। কারণ ঘন সংস্পর্শে রোগ ছড়ানোর ঝুঁকি বেশি। তিনি সতর্ক করেন, ঈদে জনসমাগম ও যাতায়াতের কারণে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও থাকতে পারে।









