মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

স্টাফ রিপোর্টার

চলতি মাসে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও প্রায় ১০০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, ২০২৬ সালের ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ৩ সেনা নিহত ও প্রায় ১০০ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ৯৬ শতাংশ ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরেছেন।

পারনেল বলেন, অধিকাংশ সেনার আঘাত ছিল হালকা ধরনের মস্তিষ্কে আঘাত। আহত সেনারা দ্রুতই আবার দায়িত্বে ফিরতে আগ্রহ দেখিয়েছেন।

তবে আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী সেনাদের আহত হওয়ার তথ্য প্রকাশে ধীরগতি দেখিয়েছে। তাদের দাবি, সেনাদের নিরাপত্তার স্বার্থেই এ বিলম্ব করা হয়েছে।

এদিকে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা মঙ্গলবারের পরিবর্তে বুধবার অনুষ্ঠিত হবে বলে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারেন। এর আগে সাম্প্রতিক কয়েক দিনে তিন মার্কিন সেনার মৃত্যুর জন্য ইরানকে কঠোর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

মাসব্যাপী কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা ঠেকাতেই এসব অভিযান চালানো হচ্ছে।

এর জবাবে ইরান জর্ডান, কুয়েত, বাহরাইনসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

সিবিএস নিউজ জানিয়েছে, গত সপ্তাহেও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায়, জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। একই স্থানে নিখোঁজ থাকা আরেক সেনার দেহাবশেষও উদ্ধার করা হয়েছে। এছাড়া ইরাকে ভূপাতিত একটি ইরানি একমুখী হামলাকারী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় আরও একজন মার্কিন সেনা নিহত হন।

তবে সাম্প্রতিক ইরানি হামলায় মোট কতজন সেনা আহত হয়েছেন এবং মার্কিন সামরিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর হতাহত বিশ্লেষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকে আহত সেনার সংখ্যা ৪১৩ বলে উল্লেখ করা হলেও, এতে চলতি মাসের আহতদের হিসাব অন্তর্ভুক্ত নয়। একই ওয়েবসাইটের অন্য অংশে আহতের সংখ্যা ৪২৭ দেখানো হয়েছে। গত সপ্তাহে নিহতদের বাদ দিয়ে এখন পর্যন্ত ১৪ জন মার্কিন সেনার মৃত্যুর তথ্য রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD