রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন

স্টাফ রিপোর্টার

স্পেনের রাজধানী মাদ্রিদে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। প্রধানমন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠার পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

 

শনিবার (২৩ মে) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ‘সোসিয়েদাদ সিভিল এসপানিওলা’ নামের ১৫০টির বেশি নাগরিক সংগঠনের জোট এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান বিরোধী দল পপুলার পার্টি (পিপি) এবং কট্টর ডানপন্থি দল ভক্স সমর্থন দেয়।

 

 

বিক্ষোভকারীদের অনেকেই স্পেনের লাল-হলুদ পতাকা এবং ‘যথেষ্ট হয়েছে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। মিছিলে একটি বড় ব্যানারে লেখা ছিল, ‘দুর্নীতির আর দায়মুক্তি নয়। এখনই পদত্যাগ ও নির্বাচন চাই।’

 

 

আয়োজকদের দাবি, প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে সরকারি হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে প্লাজা মনক্লোয়ায় গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে পুরো কর্মসূচি বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং সাতজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

 

ভক্স নেতা সান্তিয়াগো অ্যাবাসকাল বলেন, ‘প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘনিষ্ঠদের মধ্যে এমন কেউ নেই, যার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠেনি। স্পেন একটি দুর্নীতিগ্রস্ত চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে।’

 

 

২০১৮ সালে দুর্নীতির অভিযোগে তৎকালীন রক্ষণশীল সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন সানচেজ। তবে বর্তমানে তার নিজের ঘনিষ্ঠদের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

 

 

ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া তার স্ত্রী বেগোনা গোমেজও পৃথক একটি দুর্নীতি মামলায় তদন্তের মুখে রয়েছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

 

 

প্রধানমন্ত্রী সানচেজ দাবি করেছেন, তার পরিবারকে ঘিরে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD