কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (২১) ট্রাকের হেলপার ছিলেন। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে লালন শাহ সেতুর দিকে যাওয়া পাটের বস্তা বোঝাই একটি ট্রাক দশমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের তীব্রতায় ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনাও ঘটে। তবে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা এখনো দৃশ্যমান নয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে এবং বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১০ মাইল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








