চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারাদন্ড ও একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। গতকাল (২১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। বাদীপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের মোঃ হাম্মাদ আলী। বাদী তার আরজিতে উল্লেখ করেন, রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে বাদীর কাছ থেকে কিছু দিনের জন্য ৪০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করলে বাদি তাগাদা দিতে থাকেন। এক পর্যায়ে রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে প্রইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে উল্লেখিত হিসাবে (একাউন্টে) সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করা হয়। আইনজীবী রবিউল ইসলাম আরও বলেন, ১২ বছরেরও বেশি সময় পর আদালত মামলা রায় দিয়েছেন। রায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। এ রায়ে সন্তুষ্ট। এ ব্যাপারে বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ছিল। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।









