শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

ছাগলনাইয়ায় ৫ দিনে ২ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৬৩ পরিবার

স্টাফ রিপোর্টার

ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা ইউনিয়নের সমিতি বাজার এলাকায় মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রথমে গত শনিবার একটি ৫ কেভিএ ট্রান্সফরমার এবং পরে বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৪টার দিকে একটি ২৫ কেভিএ ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রথম ট্রান্সফরমারটি চুরির পর থেকে চারটি পরিবার টানা এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন রয়েছে। সর্বশেষ ২৫ কেভিএ ট্রান্সফরমার চুরির ঘটনায় সমিতি বাজারের ২৮টি দোকান ও ৩০টি পরিবার গত দুই দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে ৬৩টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ সংকটে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও চরম ভোগান্তি নেমে এসেছে।

ভুক্তভোগী দোকানদার মমিনুল হক বলেন, ‘বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজে রাখা বিভিন্ন খাদ্যপণ্য পচে নষ্ট হয়ে গেছে। এতে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।’

আরেক দোকানদার আনিসুল হক বলেন, ‘দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় আমার দোকানের ফ্রিজে থাকা পণ্য নষ্ট হয়ে গেছে। ব্যবসার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

ভূঞাবাড়ির বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘টানা বিদ্যুৎ না থাকায় বাসার ফ্রিজে রাখা সব খাবার নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড গরমে ছোট ছোট শিশুদের নিয়ে খুব কষ্টে আছি। বিদ্যুৎ না থাকায় রাতে ঘুমানোও কঠিন হয়ে পড়েছে।’

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাদের ক্ষোভ, জনস্বার্থে স্থাপিত এসব গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তার দায়িত্ব কর্তৃপক্ষের হলেও প্রতিবার চুরির পর নতুন ট্রান্সফরমার স্থাপনের আর্থিক বোঝা গ্রাহকদেরই বহন করতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, রাত ১১টার পর সমিতি বাজার, বিসিক এলাকা, রেললাইন সংলগ্ন স্থান এবং সেতুর নিচে চোর ও মাদকসেবীদের আড্ডা জমে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত টহলের অভাব রয়েছে বলে তারা দাবি করেন।

স্থানীয় সমাজসেবী ফয়সাল ভূঞা বলেন, এসব স্থানে নিয়মিত পুলিশ ও গ্রাম পুলিশের টহল জোরদার করা হলে ট্রান্সফরমার চুরির মতো ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

এ বিষয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই মিত্র বলেন, ‘চুরির ঘটনাটি আমরা জেনেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় প্রথমবার নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যয়ের ৫০ শতাংশ গ্রাহক এবং বাকি ৫০ শতাংশ পল্লী বিদ্যুৎ সমিতি বহন করে। তবে নতুন ট্রান্সফরমার স্থাপনের আগে গ্রাহকদের তাদের অংশের অর্থ পরিশোধ করতে হবে।’

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরির সংবাদ পেয়েছি। এসব চুরি প্রতিরোধ এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়েছে। বাসাবাড়িতে ফ্যান ও প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বারবার ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং বাজার ও আশপাশের এলাকায় রাতের নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD