পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন পালিয়ে যায়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তেঁতুলিয়ার রণচন্ডী ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে।
পুলিশ জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট রয়েছে। ফলে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুলকে আটক।
তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জাল পাসপোর্টের উৎস ও পলাতক দুই সন্দেহভাজনসহ সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।
/এসআর









