নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবার পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী বগডহর গ্রামের মরহুম হাবিব মেম্বারের ছেলে নবীনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়ার কন্যা তিশা (৯) ও পুত্র আরিয়ান (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু দুজন। পরিবারের কেউ বিষয়টি টের না পেলেও পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে পানিতে প্রথমে একটি লাশ দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি নেমে অপর শিশুটিকেও উদ্ধার করেন।
অতঃপর স্থানীয়রা দ্রুত তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









