ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার আলিয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় রুবাইয়া (৩) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল
রাতে রুবাইয়া তার দাদার সঙ্গে খাবার খেয়ে চাচা রানা শেখ (২২) ও চাচি ইভার সঙ্গে একই কক্ষে ঘুমাতে যায়। রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর তার চাচি শিশুটির পরিধেয় প্যান্ট পরিবর্তন করে দেন। পরে রাত আনুমানিক ১২টার দিকে চাচা-চাচি বাইরে থেকে এসে শিশুটির পাশে ঘুমিয়ে পড়েন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে শিশুটির চাচি তার মাথার নিচে বালিশ দিতে গিয়ে দেখতে পান, শিশুটির শরীর শক্ত হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের জানানো হলে তারা দ্রুত রুবাইয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই বাসার ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









