মাগুরায় দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও গোপনীয়তার সঙ্গে অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, প্রেসক্লাবসহ জেলার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে পর্যায়ক্রমে এসব অভিযোগ বাক্স স্থাপন করা হবে।
অভিযোগ বাক্স স্থাপনের উদ্বোধনকালে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরায় কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি কিংবা ভূমি দখলের ঘটনা সহ্য করা হবে না। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং দ্রুত প্রতিকার পান, সে ব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগগুলো নিয়মিতভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাগুরাকে একটি শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জেলায় পরিণত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকল নাগরিককে সঠিক তথ্য ও প্রমাণসহ অভিযোগ জমা দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, অভিযোগ বাক্স স্থাপনের এই উদ্যোগ বাস্তবায়ন হলে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন। তবে অভিযোগের দ্রুত ও দৃশ্যমান নিষ্পত্তি নিশ্চিত করাই হবে এ উদ্যোগের মূল চ্যালেঞ্জ।
—
null









