মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার: রাজশাহীতে হিমেল কাওসার নামের এক ব্যক্তি ভুয়া ‘দাদা’র পরিচয়ে সরকারি চাকরি নিয়ে বছরের পর বছর বহাল; তদন্তেও মিলছে না সত্যিকারের মুক্তিযোদ্ধার নাম।
খোদ রাজশাহী কর অঞ্চলের তদন্ত প্রতিবেদনে এমন অবাক করা জালিয়াতির তথ্য উঠে আসে। শুধু তাই নয়, চাকরি নেওয়ার সময় মুক্তিযোদ্ধা কোটা না থাকলেও অদৃশ্য ক্ষমতায় চাকরি নিয়েছিলেন হিমেল।
রাজশাহী কর আপীল বিভাগ থেকে কর কমিশনার সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। যেখানে প্রমাণপত্রসহ তদন্ত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। ঢাকা পোস্টের কাছে সংশ্লিষ্ট সব নথি রয়েছে।
তদন্ত প্রতিবেদন ও চিঠি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ আগস্ট আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি মো. হিমেল কাওসারের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার বিষয়ে অভিযোগ করে রাজশাহী কর আপীল অঞ্চলে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাজশাহী কর আপীল অঞ্চলের কর্মকর্তাদের টনক নড়ে।









