বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শাকিল তালুকদারের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দুপুরে প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিশুটিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে সে মারা যায়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রোববার সকালেও নতুন করে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
. শাহিন আরও বলেন, বর্তমানে এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং হাসপাতালে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।
প্রতিনিধি/ এজে









