চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ১২টার দিকে নিহতের ভাই পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। মামলায় মোট ১১ জনের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জাকের মিয়াকেও আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার অভিযান চলছে।’
পুলিশ জানায়, এখন পর্যন্ত সরাসরি কাউকে গ্রেপ্তার করা না গেলেও সন্দেহভাজন হিসেবে মুহাম্মদ জাকির নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান
এর আগে, শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।









