সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফ্লাইটটি বাতিল করে বিকল্প বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা ঘটনাস্থলেই বিমানটি পরীক্ষা শুরু করেন। তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে বিমানটি উড্ডয়নের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, “ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে সেটি উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই বিমানে লন্ডনে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এদিকে, হঠাৎ ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েছেন লন্ডনগামী ২৬২ জন যাত্রী। সকাল থেকে তারা সিলেট বিমানবন্দরে অপেক্ষা করছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে খাবার ও বসার ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি নিয়মিতভাবে তাদের আপডেট জানানো হচ্ছে।









