চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১। র্যাব সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দরগামী সড়কে রুপালী স্কেল সংলগ্ন রফিকুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। অভিযানকালে মোঃ আব্দুল কাদের (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া এলাকার বাসিন্দা। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, আটক আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









