সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে তা আইন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘চপেটাঘাত’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, স্বাধীন বিচার বিভাগের প্রশ্নে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল একমত ছিল। কিন্তু ক্ষমতায় এসে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে জনগণের আস্থার জায়গাকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, আমরা যারা বিশ্বাস করেছিলাম, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন তারা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে আসছেন। এতে সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এছাড়া বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার দিনটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য ‘কালো দিন’। স্বাধীনতার পর থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও বাকশাল আর সামরিক শাসনের জন্য বিচার বিভাগ স্বাধীনতা অর্জন করতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, প্রতিটি ক্ষেত্রে জুলাই সনদের ওপর একটার পর একটা আঘাত করা হচ্ছে। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করা। তাঁর দাবি, বিচার বিভাগকে নির্বাহী নিয়ন্ত্রণে রাখার প্রবণতা অব্যাহত থাকলে জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ আরও সংকুচিত হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে বর্তমান সরকারও প্রতিটি ধাপ ও পদক্ষেপে সেদিকেই ফিরে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান প্রমুখ।









