মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩

হিজাব-নিকাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদে ১১ দলীয় জোটের নারী সংসদ সদস্যদের পরিহিত হিজাব-নিকাব নিয়ে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরীর করা কটাক্ষ এবং অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আজার বলেন, শতকরা ৯০ ভাগ মুসলিমের এই দেশে  সংসদের মতো পবিত্র জায়গায় হিজাব ও শালীন পোশাক নিয়ে কটাক্ষ করা চরম ধৃষ্টতা। একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। আপনারা মুখে মদিনা সনদের কথা বলেন, অথচ আপনাদের নেতা-কর্মীরা হিজাবের বিরুদ্ধে অবস্থান নেন এই দ্বিমুখী নীতি এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না।

তিনি বলেন, নারীরা নারীদের বিদ্বেষী হতে পারে এটা বিএনপিকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। যখন সংসদে ধর্মানুরাগী নারী সংসদ সদস্যদের নিয়ে কটাক্ষ করা হয়, তখন বিএনপির অন্যান্য সদস্যদের পাশাপাশি নারী সদস্যরাও টেবিল চাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন জানান এটি এই জাতির জন্য লজ্জার। তারা সামষ্টিকভাবে প্রমাণ করেছে, তারা এ দেশে ইসলাম চায় না। যে সংসদে মানুষের অধিকার রক্ষার আইন করা হয়, সেখানে নারীদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই নেতা বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে সংসদে দেওয়া অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে এবং ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আগামীতে আরও কঠোর ও অলঙ্ঘনীয় আন্দোলন গড়ে তোলা হবে, ইনশা আল্লাহ।

 

তিনি আরও বলেন, অন্যদিকে বিএনপি আজ ধর্ষকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী দেশে অন্তত দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বিএনপি, ছাত্রদল ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এমন অভিযোগ করেন তিনি। দেশজুড়ে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা সামাজিক নিরাপত্তাহীনতাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। মা-বোনদের ইজ্জত রক্ষা এবং একটি নৈতিক সমাজ গঠনে আজ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগরীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সায়েম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD