একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মাটির তৈরি আসবাবপত্র ও সামগ্রী ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি যশোর সদরের চুরমনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা পালপাড়ায় সংগঠিত হয়।
সোমবার দিবাগত রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে ওই এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগডাঙ্গা পালপাড়ার প্রায় ৫০টি পরিবার দীর্ঘকাল ধরে মাটির রিং, স্ল্যাব ও চাড়িসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। একদল দুর্বৃত্ত গোপনে হামলা চালিয়ে জীবন পাল, সঞ্জয় পাল, কৃষ্ণ পাল ও কানাই পালের বাড়ির আঙিনায় রাখা মাটির মালামাল ভাঙচুর করে। ভুক্তভোগীদের দাবি, এই হামলায় তাদের প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পালপাড়া মন্দিরের সভাপতি জয়দেব কুমার পাল জানান, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ঘটনা নয়। মালামাল কেনাবেচা নিয়ে গড়ে ওঠা কোনো ‘সিন্ডিকেট’ এই কান্ড ঘটিয়ে থাকতে পারে। তবে গ্রামের অন্য একটি সূত্র দাবি করেছে, স্থানীয় আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। আলমের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে চুরমনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, “আমরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি ব্যবসা সংক্রান্ত সিন্ডিকেট বা অভ্যন্তরীণ কোন্দল থেকে হতে পারে।”









