মঙ্গলবার | ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩

লক্ষ্মীপুরে বিলের পানি নিয়ে সংঘর্ষের জেরে আহত ১২

রবিউস সানি আকাশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানি নিয়ে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব টিওরি গ্রামের বিলটিতে বর্ষার মৌসুমে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে এ বিলের পানি স্থানীয়রা ব্যবহার করে। ফসল উৎপাদনে আশপাশের জমিতেও এখান থেকে পানি নেওয়া হয়। মোল্লা বাড়ির দুই পক্ষ মোহন মোল্লা ও রাসেলদের মধ্যে এ বিলের পানি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোহন ও তার ভাই আব্দুল মজিদ, ভাবি শারমিন আক্তার, ভাতিজি সানজিদা আক্তার, শিশু সাফোয়ান আহত হয়।

এ ঘটনায় অপরপক্ষের রাসেলসহ তার স্বজন রাকিব হোসেন, রায়হান আহমেদ, আছমা আক্তার, কুলছুম বেগম, আবুল হোসেন ও বেলায়েত হোসেন বিল্লাল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়। মজিদ নামে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মোহন মোল্লা বলেন, আমার জেঠাতো ভাই মাসুদ পানির জন্য তিন হাজার টাকা বিল কিনে নেয়। কিন্তু বেলায়েত মোটর লাগিয়ে পানি নিচ্ছিল। এতে মজিদ বাধা দেয়। এনিয়ে বাড়িতে বিল্লালসহ তাদের লোকজন গালমন্দ করে। আমি তা বন্ধ করতে বললে তা না করে আরও গালমন্দ করে। এতে আমি রাসেলকে থাপ্পড় দিই। এরপর তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

রাসেলের ভাই রাকিব হোসেন বলেন, আমার জেঠা বেলায়েত কয়েকবার পানি নেওয়ার জন্য বিলে মোটর বসায়। বারবার মোহনরা তা বন্ধ করে দেয়। ঘটনার সময় আমার জেঠা ফের মোটর বসিয়ে পানি নিতে গেলে মজিদ বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোহন আমার ভাই রাসেলকে চড় মারে। এরপর তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি হামলা করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিলের পানি ব্যবহার নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উভয়পক্ষকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD