সুন্দরী – মিষ্টি কণ্ঠের গায়িকা শ্যামলী ইসলাম শুভার্থী। চুয়াডাঙ্গার মেয়ে বলে কথাও বলেন বেশ মিষ্টি করে। দেশীয় সুর – সঙ্গীতের আকাশে সম্ভাবনাময় নতুন প্রতিভা হিসেবে হিসেবে উদিত হয়েছেন এই গায়িকা। তার পেশাদার সংগীতশিল্পী হিসেবে পদচারণা করার কথা প্রয়াত কিংবদন্তি সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের হাত ধরে। তার সঙ্গে কথা বলে নতুন গান তৈরির বিষয়টিও চুড়ান্ত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, এই তরুণী মিষ্টভাষী গায়িকার জন্যে সুরের ইন্দ্রজাল বোনার আগেই পরপারে আশ্রয় নেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। শেষ বারের মত আ ই বুলবুল সাহেবের সাথে দেখা হয়নি গায়িকার। পরবর্তীতে সংগীত পরিচালক বাসুদেব ঘোষকে দিয়ে একটি গান তৈরি করেন শুভার্থী কিন্তু বাসুদেব ঘোষ মারা যাওয়ার কারণে ওই গানটিও আর প্রকাশ পায়নি।
এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে শুভার্থী জানান, বড় গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চুয়াডাঙ্গা ছেড়ে ঢাকায় স্থায়ী হলেও শুরুতেই তার দু’টি বড় কাজ আলোর মুখ দেখেনি। এতে বেশ হতাশ হয়ে পড়েন তিনি। কিন্তু তার মা- মাহিরা বেগম, যিনি তাকে সঙ্গীতে হাতেখড়ি দেন; তার উৎসাহে দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়ানোর পথে যাত্রী হন তিনি। পরবর্তীতে নিজের লেখা ও সুরে ‘একটি ফাগুন হাওয়ায় ভালোবাসার কথা বলে যায়’ শীর্ষক একটি গান করেন। এটি ছিল একটি চলচ্চিত্রের গান। এরপর কিবরিয়া ফিল্মসের ইউটিউব চ্যানেলে বেশ কিছু গান প্রচার হয় তার।
এখন পর্যন্ত বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুভার্থী’র গাওয়া দুই ডজনেরও বেশি গান প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে তার গাওয়া উল্লেখযোগ্য কিছু গান হলো – আমার বাংলাদেশ, ইতিহাস, এই মন জানে, সুখ নামের ময়না পাখি, প্রেমের সানাই, পিপাসা লাগেরে, যখন পানি খাইতে যায়, প্রেমের জ্বালা বুকে ধরে, মিছে আসা, চইল্যা গেছো ভুইল্যা গেছো, তুমি আমার মন বুঝলা না, নিজের স্বার্থ, মন থাকে না ঘরে লো সই।
গেল রোজার ঈদে তার গাওয়া ‘আইসো বন্ধু বাড়িতে’ শীর্ষক মডার্ন ফোক গানটি কিবরিয়া ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচার হয়। শিল্পী বলেন, গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। প্রায় সবাই আমার গায়কীর প্রশংসা করেছেন। এই গানের সাফল্যে উজ্জীবিত হয়ে কোরবানি ঈদে বড় একটি আয়োজন নিয়ে সবার সামনে আসছি।
বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের তালিকাভুক্ত এই শিল্পী জানান, কলকাতার জনপ্রিয় গায়ক আকাশ সেনের সঙ্গে গাওয়া বড় বাজেটের একটি রোম্যান্টিক ডুয়েট গান নিয়ে আসছেন। এই গানটির কথা ও সুর করেছেন আবিদ রনি। গানটির শিরোনাম বাঁচতে চাই আমি তোর হয়ে। এই গানটি নিয়ে শুভার্থী বলেন, আমার বিশ্বাস এটি দুর্দান্ত একটি গান হবে। আসন্ন ঈদে কিবরিয়া ফিল্মস ইউটিউব চ্যানেলে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর দারুন সাড়া ফেলতে সক্ষম হবে। সেই সঙ্গে আমার সঙ্গীত ক্যারিয়ারে একটি মাইলফলক গান হবে বলে আশা করছি।
নিজের সঙ্গীত জীবন নিয়ে এই গায়িকা জানান, প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকে তার সঙ্গীতের সঙ্গে বসবাস। মায়ের কাছে সুর সাধনার হাতেখড়ি হওয়ার পর উপজেলা শিল্পকলা একাডেমিতে গান শেখা। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটিতে পড়া পর্যন্ত ২২টির মতো পুরস্কার পেয়েছেন তিনি। চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স করার পর ঢাকার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে একই বিষয়ের ওপর মাস্টার্স করেছেন তিনি। বর্তমান সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকলেও শুভার্থী’র ইচ্ছে আছে ব্যারিস্টারি পড়াশোনা করার।









