সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ও আমানতকারী ফোরামের আহ্বানে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের ২ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের সিরাজগঞ্জ জেলা শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রহুল আমীন সিদ্দিক খসরু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. আল-আমিন খন্দকার, গ্রাহক ও শেয়ারহোল্ডার ড. আ. খ. ম. আব্দুর রাজ্জাকসহ ব্যাংকের অসংখ্য গ্রাহক।
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রহুল আমীন সিদ্দিক খসরু। তিনি বলেন, “ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে এ এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।”
বক্তারা দাবি করেন, ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে গ্রাহকদের নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবি পুনর্ব্যক্ত করেন।









