রংপুরে নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজহাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রাইভেট টিউটর ও রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ জুন) দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।
এর আগে সকালে কারাগার থেকে শাহরিয়ার আহমেদ সাকিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করতে প্রয়োজনীয় উপাদান এজাহারে নেই। এ ছাড়া পুলিশের হেফাজতে থাকা দুটি মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই তদন্ত এগিয়ে নেওয়া সম্ভব। তাই রিমান্ডের প্রয়োজন ছিল না।
গত ২২ জুন বিকেলে নগরীর নর্থ ভিউ হোটেলের নবম তলার ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজহাত জাহানের মৃত্যু হয়। পরদিন তার বাবা নজরুল ইসলাম মহানগর কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় নুজহাতের প্রাইভেট টিউটর ও রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করে পুলিশ।









