ঢাকার আশুলিয়ার জামগড়ায় জিম্মি উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর গুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘শুটার বাপ্পী’ নামে পরিচিত এক সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ মার্কেটের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।
পুলিশ জানায়, শরীফ মার্কেটের পঞ্চম তলায় একটি বাসায় একজন ম্যানেজারকে জিম্মি করে রাখার তথ্য পেয়ে ১০ থেকে ১২ সদস্যের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘শুটার বাপ্পী’ নামে পরিচিত সন্ত্রাসী দুই হাতে দুটি পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
পুলিশের দাবি, সন্ত্রাসীদের ছোড়া সাত থেকে আট রাউন্ড গুলির খোসা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশও চার থেকে পাঁচ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় পুলিশ সদস্যদের কেউ হতাহত হননি।
বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুরো ভবনটি ঘিরে রেখেছেন।
এসআই রাশেদুজ্জামান বলেন, ‘শুটার বাপ্পী’ ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
প্রতিনিধি/এসএস









