যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভিডিপি দলনেতারা।
কেশবপুর উপজেলার ২নং সাগরদাড়ি ও ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালে ভিডিপি দলনেতারা আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই আসামির অবস্থান সম্পর্কে তথ্য জানতে পারেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল। তবে আসামি আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভিডিপি দলনেতারা অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা ও বিচক্ষণতার সঙ্গে আত্মগোপনে থাকা আসামির অবস্থান শনাক্ত করেন এবং তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ হান্নান সরদার, পিতা-মোঃ আব্দুস সোবহান, গ্রাম-বরণডালি, সরসকাঠি, থানা-কেশবপুর, জেলা-যশোর।
আসামিকে শনাক্ত ও পুলিশের নিকট হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাড়ি ইউনিয়ন দলনেতা মোঃ আলী হোসেন এবং ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন দলনেতা তালিব হোসাইন।
ভিডিপি দলনেতাদের দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতায় আসামি শনাক্ত ও হস্তান্তরের ঘটনায় তারা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। একইভাবে, সারাদেশে জনশৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন।









