রবিবার | ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩

আনসার-ভিডিপি

*ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান; আনসারের সততা ও তৎপরতায় উদ্ধার ৯৮ হাজার রিয়াল*

প্রেস বিজ্ঞপ্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ঘুষ হিসেবে দেওয়া টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের সততা ও দায়িত্বশীলতায় ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় চেকিংকালে দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় ওই যাত্রী বিষয়টি এড়িয়ে যেতে পিসি মো. নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু দায়িত্বের প্রতি অবিচল থেকে আনসার সদস্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে শিফট ইনচার্জ আটক যাত্রী ও উদ্ধারকৃত রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

আটক যাত্রী মোহাম্মদ হালিম, পিতা: জজ মিয়া, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। এ ধরনের নিষ্ঠা ও দৃঢ়তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও সুদৃঢ় করে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD