বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণোৎসব’। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, পঞ্চগড়ের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে মিলনায়তনে স্মরণোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (বাণিজ্য শাখা) মোহাম্মদ তাহমিদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) সোহেল রানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) আসিফ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ডা. আবিদা হাফেজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জেবুন নাহার এবং জেলা জাসাসের সভাপতি ইউনুস শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম সরকার।
স্মরণোৎসবে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ বিভিন্ন বাউলশিল্পী লালনসংগীত পরিবেশন করেন। তাঁদের কণ্ঠে লালন সাঁইয়ের মানবতাবাদ, প্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফকির লালন সাঁইয়ের গান ও দর্শনে মানবপ্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং জাত-পাতের ঊর্ধ্বে মানুষকে দেখার শিক্ষা প্রতিফলিত হয়েছে। তাঁর জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও ভেদাভেদহীন সমাজ গঠনের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ স্মরণোৎসবের আয়োজন করা হয়।









