জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ শুক্রবার রাতে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে টেলিফোনে কথা হয় তার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং জাতীয় নির্বাচনে তার দলের ঐতিহাসিক বিজয়ে পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
একইসঙ্গে সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন শেহবাজ শরীফ। এ সময় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার পাশাপাশি একে অপরের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ সম্মান রেখে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় দুই পক্ষই বেগম খালেদা জিয়ার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আলাপে তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় তারা দুজনই আগামী দিনগুলোতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।









