বান্দরবানে গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপির সাতশত পঞ্চাশ (৭৫০) জন নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হিলভিউ কনভেনশন হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান ৩০০নং আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি অসুস্থ হয়ে মারা যাওয়া পাঁচজন নেতাকর্মীর মায়েদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলার সাতটি উপজেলায় দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নির্যাতন, মামলা-হামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্বীকৃতি দিতেই এই আয়োজন করা হয় বলে জানান নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, ‘বিএনপি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আন্দোলনে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তারাই বিএনপির প্রাণ।’
অধ্যাপক মো. ওসমান গনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, জুলুম-নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বীর বাহাদুর উশৈসিং এখনো তার বাসভবনে ঘুমাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এ প্রশ্ন আজ জনমনে।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন বলেন, ‘বিগত ১৭ বছর ধরে বান্দরবানের মানুষের ওপর নির্যাতন চালালেও ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বিরুদ্ধে কোনো মামলা হয়নি এটি দুঃখজনক।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্যাতিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী ও খামলাই ম্রো প্রমুখ।









