বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

গুম অধ্যাদেশ সংসদে না তোলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলো সংসদে উপস্থাপন না করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে আলোচনা ও অনুমোদনের মাধ্যমে আইনে পরিণত হওয়া উচিত। কিন্তু এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করার সিদ্ধান্ত জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থি।

বক্তারা বলেন, গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ আইনে পরিণত হলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকারিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট আইনগুলো শক্তিশালী করারও আহ্বান জানানো হয়।

 

আয়োজক সংগঠন অধিকার জানায়, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নারী, পুরুষ ও তরুণদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও লক্ষ্য করা যায়, যা এই ইস্যুর প্রতি সাধারণ মানুষের গভীর উদ্বেগ ও সচেতনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD