উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান। মতবিনিময় সভায় রাজবাড়ী-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ হারুন বলেন, একজন ইমাম সাহেবদের ঠিক মতো বেতন দেওয়া হয় না, ইমামরা সমাজের আলোকবর্তিকা। তারা মানুষকে ন্যায়, সত্য ও ধর্মের পথে পরিচালিত করেন। বিএনপি সব সময় ধর্মীয় মূল্যবোধ, আস্থা ও আদর্শের রাজনীতি বিশ্বাস করে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ইমাম সমাজের সহযোগিতা অপরিহার্য। তিনি আরও বলেন, দেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাংশা মডেল মসজিদের ইমাম ও খতিব আলিমুজ্জামান, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. লুৎফর রহমান, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মাও. রুস্তম আলী, পুঁইজোর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. সাঈদ আহমেদ, শাহ জুই মাদ্রাসার উপাধ্যক্ষ ডা. খোন্দকার মাহবুবুর রহমান সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। ইমামরা সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও নৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকুল সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রিংকু প্রমুখ। হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান। সবার মঙ্গল কামনায় মতবিনিময় সভায় দোয়া ও মোনাজাত করেন, পাংশা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আওয়াবুল্লাহ ইব্রাহিম।









