বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩

আনসার-ভিডিপি

রাজধানীতে দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতি সম্পর্কে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মহোদয়কে উপস্থাপন

প্রেস বিজ্ঞপ্তি

০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বুধবার) রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের সম্ভাব্য ভূমিকা ও ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বাহিনীর সার্বিক সংস্কার ও সক্ষমতা অর্জনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনায় সুবৃহৎ এই স্বেচ্ছাসেবী সাংগঠনিক কাঠামোর ব্যাপক সম্ভাবনা সম্পর্কে উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক প্রায় সাড়ে তিন কোটি মানুষের অধ্যুষিত রাজধানী ঢাকায় ভূমিকম্পসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ওয়ার্ড/জোন ও থানা এলাকাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত রাখার এ পরিকল্পনা তুলে় ধরেন। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত এসব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দুর্যোগকালীন সময়ে First Responder হিসেবে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক পুনর্বাসন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

প্রস্তাবিত ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যকে বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ প্রদানের একটি রূপরেখাও উপস্থাপন করেন মহাপরিচালক। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের একটি কার্যকর স্থানীয় দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মাননীয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী এ কর্মপরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। একই সঙ্গে পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। দেশের বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তিনি তুলে ধরেন।

তিনি জানান, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা First Responder হিসেবে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

এছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশ সহনশীলতা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি” প্রকল্প সম্পর্কেও মাননীয় মন্ত্রীকে অবহিত করা হয়।

প্রকল্পটির আওতায় খুব শিগগিরই বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটি এলাকায় স্থানীয় ভিডিপি সদস্যদের জন্য পরিবেশবান্ধব প্ল্যান্ট, Rainwater Harvesting System এবং Reverse Osmosis (RO) System স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাম্প্রতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে অনুষ্ঠিত করতে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি মহাপরিচালককে ধন্যবাদ জানান।

দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ আরও কার্যকর করার বিষয়েও এ সময় বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়াদান, প্রশমন কার্যক্রম, উদ্ধার অভিযান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।

মাননীয় মন্ত্রী দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে প্রান্তিক পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

এ কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে উঠবে, যা ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগের পরপরই স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD