রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শ্রীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় খেলোয়াড়সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটে।

ম্যাচটি ছিল শ্যামসিদ্ধি ইউনিয়নের দল ‘শ্যামসিদ্ধি রয়েলস’ ও কুকুটিয়া ইউনিয়নের দল ‘কুকুটিয়া ওয়ারিয়র্স’-এর মধ্যে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক কমিটি সূত্রে জানা যায়, খেলার শেষার্ধে শ্যামসিদ্ধি রয়েলসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুলের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এসময় শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে প্রায় এক থেকে দেড়শত সমর্থক মাঠে নেমে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে কুকুটিয়া ওয়ারিয়র্সের অন্তত পাঁচজন খেলোয়াড়সহ মোট ১০ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন, সুরদিয়া এলাকার মঈনুল, পূর্ব মুন্সীয়া এলাকার রায়হান, রিসান, অভি খান এবং নাগরভাগ এলাকার সমিতসহ আরো কয়েকজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই পুলিশ, আনসার সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয় আমরা যেতে যেতেই মারামারি শেষ হয়ে যায়। মারামারির স্থায়িত্ব ছিল ৩০ থেকে ৪০ সেকেন্ড এর মধ্যে দুই পক্ষের কয়েকজন আহত হয়। পরবর্তীতে আমি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়ে ঢাকায় চলে আসি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, খেলায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমই

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD