শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক ডাকাত

স্টাফ রিপোর্টার

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অপহৃত দুই জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে দুই জেলে দুর্ধর্ষ বড় জাহাঙ্গীর বাহিনী-এর সদস্যদের হাতে অপহৃত হন। পরে তাদের মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়।

গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা মুর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

 

এদিকে, পৃথক আরেক অভিযানে শ্যামনগর উপজেলার হোগলডরা খাল এলাকায় অবস্থানরত দয়াল বাহিনী-এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি তারিকুল (৩৫), খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানে তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD